
মোঃআনিছুর রহমান, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দুপচাঁচিয়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান। সভা সঞ্চালনা করেন উপপরিদর্শক (এসআই) ইফতেখার হোসেন।
সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) আসিফ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কর্মকার,দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আয়ব্যাক আফসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ এবং দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম বেলাল।
এ ছাড়া বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন হাটখোলা কালী, রাস ও শিবমন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান নয়ন চন্দ্র দাস, মহাশ্মশান মন্দির পরিচালনা কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু এবং লক্ষীতলা মন্দির কমিটির সভাপতি রথীন্দ্রনাথ বসাক কালা।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, এবার দুপচাঁচিয়া উপজেলার দুটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে মোট ৪৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।
প্রতিবেদকের নাম 



















