

মোঃ শিবলু মিয়া, মোকামতলা (বগুড়া) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে ‘মীর মুগ্ধ স্কয়ার’-এর সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, অধিকার ও মানুষের মুক্তির সংগ্রামের প্রতীক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।”
তিনি জানান, ‘মীর মুগ্ধ স্কয়ার’-এর পূর্বের নাম ছিল ‘তারেক রহমান স্কয়ার’। প্রধানমন্ত্রী নিজের নামে না রেখে জুলাইয়ের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এর নামকরণ করেন ‘মীর মুগ্ধ স্কয়ার’। তিনি বলেন, এই স্কয়ার শুধু একটি স্থাপনা নয়; এটি জুলাইয়ের শহীদ, আহত যোদ্ধা এবং গণমানুষের আত্মত্যাগের এক স্থায়ী প্রতীক। প্রতিদিন মানুষ এই স্কয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় জুলাইয়ের বীর শহীদদের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনে যেসব শহীদ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। জুলাইয়ের প্রতিটি শহীদ ও আহত যোদ্ধা জাতির হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবেন এবং তাঁদের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের মতোই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদেরও যথাযথ মর্যাদায় স্মরণ করা হবে। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে, যাতে তারা স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারে।
মীর শাহে আলম বলেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে মীর মুগ্ধ স্কয়ারের সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, এই স্কয়ার আগামী প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক সংগ্রামের এক জীবন্ত স্মারক হয়ে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জুলাই আন্দোলনের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply