
স্টাফ রিপোর্টার:
ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম (৬০ কলোনি) এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরা স্টেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুপুর ১টার দিকে মানবিক সহায়তায় ত্রান বিতরণ করা হয়।
কয়েকদিন ধরে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে পুরো গুচ্ছগ্রাম প্লাবিত হয়ে পড়ে।
এতে অন্তত ৬০টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছে।
ঘর পানিতে তলিয়ে যাওয়ায় রান্নাবান্না, শিশুদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়।
অসহায় পরিবারগুলোর এই দুর্দশার চিত্র ধারাবাহিকভাবে তুলে ধরে মনপুরার একাধিক সাংবাদিক ।
সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরা স্টেশনের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় মানবিক সহায়তা তুলে দেন।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে তাদের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তবে ভবিষ্যতে এমন দুর্ভোগ এড়াতে দ্রুত ভাঙ্গা বেড়িবাঁধ সংস্কারের দাবি জানান তারা।
বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, একটি সংবাদ শুধু সমস্যার চিত্রই তুলে ধরে না, অনেক সময় সেটিই অসহায় মানুষের জন্য সহায়তার পথও তৈরি করে।গুচ্ছগ্রামের এই ৬০টি পরিবারের ক্ষেত্রেও সেই বাস্তবতার প্রতিফলন ঘটেছে। সংবাদ প্রকাশের পর দ্রুত মানবিক সহায়তা পৌঁছে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছে তারা।
প্রযুক্তি সহায়তায়: Star Web Host It
Leave a Reply