
শিবলী ছাদিক, মোকামতলা (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার মোকামতলা উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের জুড়ি দক্ষিণপাড়া গ্রামে কীটনাশক জাতীয় পদার্থ স্প্রে করে কৃষক মো. রুবেল মিয়ার কলার ঘাউর নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় ৭০টি কলার ঘাউর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। কৃষকের দাবি, এতে তার প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, জুড়ি দক্ষিণপাড়া গ্রামের কৃষক মো. রুবেল মিয়া ১৩ শতক জমিতে দীর্ঘদিন ধরে কলা চাষ করে আসছেন। প্রায় এক বছর ধরে শ্রম, অর্থ ও সময় ব্যয় করে তিনি কলাগাছগুলো পরিচর্যা করে বড় করে তুলেছেন। বাগানে ভালো ফলনও হয়েছিল। কিছুদিনের মধ্যেই কলাগুলো বিক্রির উপযোগী হওয়ার কথা ছিল।
রুবেল মিয়ার অভিযোগ, গত রাতে অজ্ঞাত ব্যক্তিরা রাতের আঁধারে তার কলাবাগানে প্রবেশ করে কলার ঘাউরে কীটনাশক জাতীয় কোনো পদার্থ স্প্রে করে চলে যায়। সকালে বাগানে গিয়ে তিনি দেখতে পান, প্রায় ৭০টি কলার ঘাউর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কলা অস্বাভাবিকভাবে পাকতে শুরু করেছে এবং নষ্ট হয়ে যাচ্ছে।
কৃষক মো. রুবেল মিয়া বলেন, “প্রায় এক বছর ধরে অনেক কষ্ট করে এই কলাবাগান করেছি। এতে আমার শ্রম ও অনেক টাকা খরচ হয়েছে। কলাগুলো বিক্রির উপযোগী হওয়ার আগেই কে বা কারা কীটনাশক স্প্রে করে আমার কষ্টের ফসল নষ্ট করে দিয়েছে। এতে আমার প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি একজন অসহায় কৃষক। অনেক কষ্ট করে ফসল ফলিয়েছি। যারা আমার কষ্টের ফসল নষ্ট করেছে, আমি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিলাম।”
ক্ষতিগ্রস্ত কৃষক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতাও কামনা করেছেন তিনি।
প্রতিবেদকের নাম 



















