
স্টাফ রিপোর্টার:
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার একমাত্র বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে দীর্ঘদিন ধরে তেল চুরি, গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না করা এবং বিদ্যুৎ বিল নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সোমবার (৫ অক্টোবর) মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের কয়েকজন বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎ বিল বেশি নেওয়ার বিষয়ে তথ্য জানতে স্থানীয় বিদ্যুৎ অফিসের উপসহকারী প্রকৌশলী মনিরের কাছে যান। গ্রাহকদের অভিযোগ, তারা বিলের বিষয়ে জানতে চাইলে উপসহকারী প্রকৌশলী মনির তাদের প্রশ্নের সন্তোষজনক উত্তর না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় গ্রাহকরা তাকে বাধা দিলে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা।
ঘটনার পর প্রায় ৫০ থেকে ১০০ জন বিদ্যুৎ গ্রাহক একত্রিত হয়ে বিদ্যুৎ অফিস থেকে হাজিরহাট বাজার ও উপজেলা চত্বর পর্যন্ত গণমিছিল করেন। এ সময় তারা বিদ্যুৎ সরবরাহের অনিয়ম, অতিরিক্ত বিল আদায়সহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানান।
এ ঘটনায় উপসহকারী প্রকৌশলী মনির থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে। অপরদিকে গ্রাহকদের পক্ষ থেকেও প্রায় ১৫ থেকে ২০ জন থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে দাবি করা হয়েছে।
স্থানীয় গ্রাহকদের আরও অভিযোগ, ঘটনার দিন রাতে প্রতিদিনের মতো প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের সময় থাকলেও উপসহকারী প্রকৌশলী মনিরের নির্দেশনায় প্রত্যেক লাইনে প্রায় আধা ঘণ্টা করে বিদ্যুৎ দেওয়া হয়েছে। এতে গ্রাহকদের মধ্যে আরও ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়দের দাবি, মনপুরার একমাত্র বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের তেল ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহের সময়সূচি ও বিল আদায়ের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করা হোক। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপসহকারী প্রকৌশলী মনিরের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
প্রতিবেদকের নাম 













