
সাদ্দাম হোসেন সাজ্জাদ :
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত ও বেচাকেনা বন্ধ রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
সরকারি এ নির্দেশনা বাস্তবায়নে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি নিষেধাজ্ঞা সম্পর্কে জেলেদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে।
অভিযান কার্যক্রম আরও কার্যকর করতে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মা ইলিশের প্রজনন সুরক্ষিত রাখা গেলে দেশের ইলিশসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। এ কারণে জেলে, মৎস্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন কিংবা যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
সাদ্দাম হোসেন সাজ্জাদ 












