
মো. রাসেল ফরাজী স্টাফ রিপোর্টার মনপুরা:
ভোলার মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খালেক সেলিম মোল্লার উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের নিয়ে তাঁর নিজ বাড়ির এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বৈঠকে স্থানীয় বাসিন্দারা সেলিম মোল্লার প্রতি দোয়া ও সমর্থনের কথা জানান। এ সময় তারা ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সেবার উন্নয়নসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয়দের পক্ষ থেকে আরও বলা হয়, সেলিম মোল্লা নির্বাচিত হলে ২ নম্বর হাজিরহাট ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন—এমন প্রত্যাশা রয়েছে তাদের। পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার আহ্বানও জানান তারা।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খালেক সেলিম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্যসচিব মো. হাফিজ আব্দুর রহিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল আলম শাহীন, সাবেক যুবদল নেতা মো. বাবুল, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মো. আব্দুর রহমান, ২ নম্বর হাজিরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ইলিয়াস মুন্সী, সাবেক ছাত্রদল সেক্রেটারি মো. নুর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তব্যে শামসুদ্দিন আহমেদ মোল্লা বলেন, “আমরা সর্বপ্রথম আমাদের নিজ বাড়ি থেকেই উঠান বৈঠকের কার্যক্রম শুরু করলাম। ইনশাআল্লাহ আমরা আব্দুল খালেক সেলিম মোল্লার পক্ষে নির্বাচন করব। সবাই দুই হাত তুলে বলুন, আমরা সেলিম মোল্লার পাশে আছি।”
এ সময় উপস্থিত লোকজন হাত তুলে সেলিম মোল্লার প্রতি সমর্থন জানান বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়।
সেলিম মোল্লা বলেন, নির্বাচিত হলে দল-মতনির্বিশেষে ইউনিয়নের সব মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি ২ নম্বর হাজিরহাট ইউনিয়নকে সুন্দর, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
তিনি বলেন, “আমি আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। ইউনিয়নের মানুষের যেকোনো সমস্যা ও প্রয়োজনের কথা শুনে তা সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করব।”
বৈঠকের শেষ পর্যায়ে হাফেজ আব্দুল মান্নান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন এবং সেলিম মোল্লার জন্য কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
উঠান বৈঠক শেষে সেলিম মোল্লা বলেন, সামনে ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় ও প্রচার-প্রচারণা চালানো হবে। এ সময় তিনি এলাকাবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
প্রতিবেদকের নাম 



















