লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন বীর বিক্রম মেজর হাফিজ স্টেডিয়ামের উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্য স্থান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পরিদর্শন করেছেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্টেডিয়াম উন্নয়নের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, লালমোহন পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী নিজাম উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
পরিদর্শনকালে স্টেডিয়ামের উন্নয়ন বাস্তবায়নের সম্ভাব্য স্থান, বিদ্যমান অবকাঠামো এবং উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়। এ সময় স্টেডিয়ামটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক সংশ্লিষ্টদের সঙ্গে উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং স্টেডিয়ামের উন্নয়ন বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, বীর বিক্রম মেজর হাফিজ স্টেডিয়ামের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে লালমোহনের ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে এবং খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।