মোঃ রাসেল ফরাজী, স্টাফ রিপোর্টার:
ভোলার মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নে সিপিপি স্বেচ্ছাসেবকদের দুই দিনব্যাপী অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ জলবায়ু উপকূলীয় দ্বীপ ও নদীর চরাঞ্চলের জন্য অভিযোজন উদ্যোগ’ প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে দুর্যোগকালীন সময়ে নিখোঁজ ও বিপদগ্রস্ত ব্যক্তিদের অনুসন্ধান, উদ্ধার কার্যক্রম, নিরাপদে সরিয়ে নেওয়া এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে সিপিপি স্বেচ্ছাসেবকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণ পরিচালনা করেন বরগুনার উপ-পরিচালক আব্দুর রশিদ মেজবাহ। এছাড়া সিপিপির সাবেক ভোলা উপ-পরিচালক আব্দুর রশিদ, পাথরঘাটা অফিসার বদিউজ্জামান এবং সিপিপি মনপুরা উপজেলার অফিসার মাহতাবুল বারী শিপু প্রশিক্ষণ কার্যক্রমে দায়িত্ব পালন করেন।
[video width="640" height="360" mp4="http://dailysomoyersongbad.online/wp-content/uploads/2026/09/Facebook_1789552918452-3.mp4"][/video]
আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা দুর্যোগের সময় দ্রুত অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় আরও সক্ষম হবেন।