পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সার ও কীটনাশকের দোকানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার।
অভিযানকালে উপজেলার বিভিন্ন এলাকার সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স, নির্ধারিত স্থানে মূল্য তালিকা প্রদর্শন, সার ও কীটনাশক সংরক্ষণের সঠিক পদ্ধতি এবং বিক্রয় সংক্রান্ত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসায়ীদের নিয়মনীতি মেনে সার ও কীটনাশক বিক্রয়, সঠিকভাবে সংরক্ষণ এবং ক্রেতাদের কাছে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে সতর্ক করা হয়।
কৃষি উপকরণের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।