মোঃ রাসেল ফরাজী,স্টাফ রিপোর্টার:
ভোলার মনপুরা উপজেলার ৫ নম্বর কলাতলী ইউনিয়নের রিপন বাজার সংলগ্ন একটি কাঠের পোল ভেঙে যাওয়ায় স্থানীয় জনসাধারণের যাতায়াতে দুর্ভোগ সৃষ্টি হয়। এ অবস্থায় সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ অর্থায়নে ভাঙা পোলটি সংস্কার ও চলাচলের উপযোগী করারা উদ্যোগ নিয়েছেন ৫ নম্বর কলাতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মামুন মিয়া।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি নিজ উদ্যোগে ভাঙা পোলটি সংস্কারের কাজ শুরু করেন।
স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় পোলটি ভেঙে যাওয়ার পর থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত উদ্যোগ নেন চেয়ারম্যান প্রার্থী মামুন মিয়া।
স্থানীয়রা জানান, ব্যক্তিগত অর্থায়নে পোলটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় মানুষের চলাচল সহজ হবে। তার এ উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।
মামুন মিয়া বলেন, “জনসাধারণের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই পোলটি ভেঙে যাওয়ায় স্থানীয় মানুষের দুর্ভোগ হচ্ছিল। তাই মানুষের কষ্টের কথা চিন্তা করে নিজ অর্থায়নে এটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।”
স্থানীয়দের প্রত্যাশা, পোলটি দ্রুত সম্পূর্ণ সংস্কার হলে এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ কমবে।